Quote

নেত্রকোণার আঞ্চলিক প্রবাদ-প্রবচন

যে জাতির পুরাতত্ত্ব নেই, সে জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ নয়। যে ভাষায় প্রবাদ প্রবচন নেই, সে ভাষারও পরিপূর্ণতা নেই।

প্রবাদ মূলত কোন নির্দিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত নয়, বরং তা সামাজিক মানুষের ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতার ফসল। উদাহরণস্বরূপ - চুরের দশদিন, গিরস্তের একদিন। ভাবার্থ: পাপ কাজ কখনো চাপা থাকে না।

নেত্রকোণার সংগৃহীত প্রবাদগুলোতে উঠে এসেছে ব্যক্তি ও সমাজ জীবনের প্রথা, রীতি-নীতি, ধর্ম ও বিদ্রুপ থেকে শুরু করে সম্পর্ক, প্রেম ও স্নেহ মায়ার মতো মানবিক বিষয়গুলোও স্থান পেয়েছে। প্রতিটি প্রবাদ প্রবচনের অন্তরালে যেমন গল্প, কাহিনি ও বিবৃতি থাকে, তেমনি থাকে দুঃখ-কষ্ট, হাসি-কান্না, হিংসা, বিদ্বেষ, তামাশা, দুর্ভোগ, সমস্যা, সমাধান, অভিজ্ঞতা, কৌতুক ইত্যাদি ভাবধারা।

চন্দ্রকুমার দে সংগৃহীত 'মৈমনসিংহ গীতিকা' অধ্যুষিত ময়মনসিংহ তথা নেত্রকোনা অঞ্চলের মানুষের হৃদয়ানুভূতি, আবেগ খুব তীব্র। এখানকার গ্রামীণ জীবনের অভিজ্ঞতালব্ধ কথাগুলোই আমাদের কাছে প্রবাদ। জীবন-জগৎ সম্পর্কে তাদের তীব্র অনুভূতির বহিঃপ্রকাশ যুগযুগ ধরে প্রবাদ হিসেবে বিরাজ করছে এবং এ অঞ্চলের মানুষের সামাজিক জীবনে আজও এসব প্রবাদ বিদ্যমান রয়েছে।

তথ্যসূত্র — হাসান ইকবাল রচিত "নেত্রকোণার প্রবাদ-প্রবচন ও লোকছড়া" গ্রন্থ থেকে সংকলিত।

✓ কপি হয়েছে!
নবীনতর পূর্বতন