বর্ষার বর্ণি এক অস্থায়ী পর্যটন স্পট

বাংলার অপরূপ বৈচিত্রই তার নিজস্ব সত্তা। এই দেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি ঋতুতেই নিজস্ব বৈশিষ্ট্যে নতুনভাবে নিজেকে মেলে ধরে। শীতের ধূসরতা ও নিস্তব্ধতা যেখানে প্রকৃতিকে কিছুটা ক্লান্ত করে তোলে, বর্ষা এসে সেই একই প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত, যৌবনময় ও সজীব।

নেত্রকোনার সিংহের বাংলা ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম বর্ণি, এই গ্রাম রূপান্তরের এক অসাধারণ উদাহরণ। শীতকালে এখানে চোখ জুড়ানো সবুজ ফসলের মাঠ দিগন্ত জুড়ে বিস্তৃত থাকে। কিন্তু বর্ষা এলেই সেই মাঠ রূপ নেয় এক বিশাল জলরাশিতে, যেন প্রকৃতি নিজেই এঁকেছে এক জীবন্ত জলরঙের ছবি।

এই অপরূপ দৃশ্যের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সর্পিল রাস্তা দুই পাশে বিস্তীর্ণ পানি, আর মাঝখানে এক টুকরো পথ। মনে হয় যেন জলরাশির বুক চিরে এগিয়ে চলেছে একটি গ্রামের গল্প। দুপাশের পানিতে ভেসে থাকে কচুরিপানার সবুজ চাদর, যার মাঝে মাঝে ফুটে থাকা ফুল যেন প্রকৃতির নিজস্ব অলংকার। আর কোথাও কোথাও শাপলা ফুলের স্নিগ্ধ উপস্থিতি এই সৌন্দর্যকে করে তোলে আরও মুগ্ধকর।

দর্শনার্থীদের আনন্দঘন সময়

বিকেলের দিকে এই স্থানটি যেন হয়ে ওঠে এক প্রাণচঞ্চল মিলনমেলা। শিশুকিশোর থেকে শুরু করে প্রবীণ সবাই ছোট ছোট মাছ ধরার নৌকা নিয়ে জড়ো হন রাস্তার দুই পাশে। কেউ নৌকায় বসে মাছ ধরেন, কেউ  নিজের নৌকাকে রঙিন ও আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলেন প্রর্যটকদের আকর্ষণ করতে, যা পুরো পরিবেশটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।

যাওয়ার পথনির্দেশ

বর্ণির এই মনোমুগ্ধকর রাস্তা দেখতে চাইলে যাতায়াতও বেশ সহজ। বাইকে গেলে নেত্রকোনা সদর থেকে মোহনগঞ্জ রোড ধরে বাংলা বাজার পার হলেই বাম পাশে এই সড়কটির দেখা মিলবে।

রিকশা বা অটোতেও সহজেই যাওয়া যায়। প্রথমে আখড়ার মোড় বা রাজুর বাজার থেকে অটো করে বাংলা বাজারে পৌঁছাতে হবে। সেখান থেকে রিকশায় করে সরাসরি গন্তব্যে যাওয়া সম্ভব। চাইলে রিকশা বা অটো রিজার্ভ করেও আরামদায়কভাবে পৌঁছে যাওয়া যায়।

 ভ্রমণের সেরা সময়

বর্ষার বিকেলে বর্ণির এই রাস্তা যেন তার আসল রূপে ধরা দেয়। নরম আলো, শান্ত পানি আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে এটি নেত্রকোনাবাসীর জন্য হয়ে উঠেছে এক চমৎকার ভ্রমণস্থল যেখানে একটু সময় কাটালেই মন ভরে যায় প্রশান্তিতে।

নবীনতর পূর্বতন