প্রবাদ প্রবচন

যে জাতির পুরাতত্ত্ব নেই, সে জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ নয়। যে ভাষায় প্রবাদ প্রবচন নেই, সে ভাষারও পরিপূর্ণতা নেই।

প্রবাদ মূলত কোন নির্দিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত নয়, বরং তা সামাজিক মানুষের ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতার ফসল। উদাহরণস্বরূপ - চুরের দশদিন, গিরস্তের একদিন।
ভাবার্থ: পাপ কাজ কখনো চাপা থাকে না।

নেত্রকোণার সংগৃহীত প্রবাদগুলোতে উঠে এসেছে ব্যক্তি ও সমাজ জীবনের প্রথা, রীতি-নীতি, ধর্ম ও বিদ্রুপ থেকে শুরু করে সম্পর্ক, প্রেম ও স্নেহ মায়ার মতো মানবিক বিষয়গুলোও স্থান পেয়েছে। প্রতিটি প্রবাদ প্রবচনের অন্তরালে যেমন গল্প, কাহিনি ও বিবৃতি থাকে, তেমনি থাকে দুঃখ-কষ্ট, হাসি-কান্না, হিংসা, বিদ্বেষ, তামাশা, দুর্ভোগ, সমস্যা, সমাধান, অভিজ্ঞতা, কৌতুক ইত্যাদি ভাবধারা।

চন্দ্রকুমার দে সংগৃহীত 'মৈমনসিংহ গীতিকা' অধ্যুষিত ময়মনসিংহ তথা নেত্রকোনা অঞ্চলের মানুষের হৃদয়ানুভূতি, আবেগ খুব তীব্র। সে কারণেই তাদের হৃদয়ানুভূতি দিয়েই লোকজ্ঞানের চর্চা হতো সেখানে। এখানকার গ্রামীণ জীবনের অভিজ্ঞতালব্ধ কথাগুলোই আমাদের কাছে প্রবাদ। জীবন-জগৎ সম্পর্কে তাদের তীব্র অনুভূতির বহিঃপ্রকাশ যুগযুগ ধরে প্রবাদ হিসেবে বিরাজ করছে এবং এ অঞ্চলের মানুষের সামাজিক জীবনে আজও এসব প্রবাদ বিদ্যমান রয়েছে। 

প্রবাদ ০১

পরের মন্দে থাকলে মতি,
আগে হবে নিজের ক্ষতি।

ভাবার্থ

অন্যের ক্ষতি করার ইচ্ছে মনের মধ্যে পোষণ করলে আগে নিজেরই ক্ষতি হয়।

প্রবাদ ০২

আকালের তাল বড় মিডা।

ভাবার্থ

দুষ্প্রাপ্য জিনিসের কদর বেশি।

প্রবাদ ০৩

পরের ঘরের পিডা খাইতে বড় মিডা,
নিজের ঘরের পিডা খেকি দরদ্যা ইডা।

ভাবার্থ

নিজের ঘরের জিনিসের কদর কম, আর অন্যের কাছ থেকে পাওয়া জিনিসের কদর বেশি।

প্রবাদ ০৪

কার প্রসাদে খাছ বান্দি?
ঠাকুর ছিনলেনা।

ভাবার্থ

অকৃতজ্ঞতা বুঝাতে এটা বলা হয়ে থাকে।

প্রবাদ ০৫

দ্যাশের পুডিডা ভালা,
বিদেশের রওডাও ভালানা।

ভাবার্থ

নিজের দেশে পরিবার-স্বজন নিয়ে থাকাটাই সবচেয়ে ভালো।

প্রবাদ ০৬

নাইয়ার এক নাও,
আনাইয়ার শতেক নাও।

ভাবার্থ

যার সম্পদ নেই, সকলের সম্পদই সে নিজের মনে করে।

প্রবাদ ০৭

খাডিলে ধন, জাগিলে ত্বরন,
হুইলে মরন।

ভাবার্থ

পরিশ্রম করলে ফলাফল পাওয়া যায়, আর অকর্মণ্য হয়ে ঘুমালে হতাশা আর মৃত্যু আসে।

প্রবাদ ০৮

ছাল নাই পুটকিত বাঘ ঢাইশ্যা নাম।

ভাবার্থ

নিজের ক্ষমতার চেয়ে বেশি অহমিকা দেখানো।

প্রবাদ ০৯

থাকতে কাছি, আরাইলে দা।

ভাবার্থ

বেঁচে থাকাকালীন যার কোন দাম থাকে না, কিন্তু মারা যাবার পর কদর বেড়ে যায়।

প্রবাদ ১০

চান্দের লাইগ্যা হেন্দেও ছেলাম পায়।

ভাবার্থ

ক্ষমতার কারণে একজন খারাপ মানুষও সম্মান পায়।

প্রবাদ ১১

কলমে কায়স্থ চিনি গোঁপেতে রাজপুত,
চিকিৎসক চিনতে পারি যার অষুধ মজবুত।

ভাবার্থ

স্ব স্ব বৈশিষ্ট্য দিয়ে মানুষকে মূল্যায়ন করা যায়।

প্রবাদ ১২

গুড় আন্ধ্যাইরেও মিডা লাগে।

ভাবার্থ

যা ভালো, তা সকল অবস্থানেই ভালো।

প্রবাদ ১৩

পীরের মাইর ধীরে ধীরে, খদার মাইর সইয়া,
পাকতোনা গলতো না, পড়বো খৈয়া খৈয়া।

ভাবার্থ

বিজ্ঞ ব্যক্তিরা ধীরগতিতে ভালো কাজ করে।

প্রবাদ ১৪

হাডা হিলে ঘষাঘষি,
মইচ্যের কাম শেষ।

ভাবার্থ

দুপক্ষের মারামারিতে সাধারণ মানুষের ভোগান্তি।

প্রবাদ ১৫

মুখের দুষে মাইর গলে,
এই মাইর পথে পথে পড়ে।

ভাবার্থ

স্বভাবের কারণে ফলভোগ।

প্রবাদ ১৬

সাজতে সাজতে হেউচ্যা রাজা।

ভাবার্থ

প্রস্তুতি নিতে নিতে কাজের সময় চলে যাওয়া।

প্রবাদ ১৭

থাকরে কুত্তা আমার আশে,
ভাত দিব তরে পুষ মাসে।

ভাবার্থ

অনেক সময় পর্যন্ত কাউকে আশা দিয়ে রাখা।

প্রবাদ ১৮

দুধের সাধ ঘোলে মিডে না।

ভাবার্থ

নকলে আসলের সুখ পাওয়া যায় না।

প্রবাদ ১৯

ভাই বড় ধন, রক্তের বাধন,
যদি হয় পিরথক, নারীর কারণ।

ভাবার্থ

ভাই ভাইয়ে যে হৃদ্যতা থাকে তা ভেঙে যায় নারীর কারণে।

প্রবাদ ২০

নির্ধনের ধন, অর্থবের যৈবন।

ভাবার্থ

হঠাৎ সুযোগ পেলে মানুষ ধরাকে সরা জ্ঞান করে।

প্রবাদ ২১

পরের কথায় লাত্তি চড়,
নিজের কথায় ভাত কাপড়।

ভাবার্থ

পরের চর্চায় থাকলে কেবল ঝগড়া-বিবাদ, নিজের চর্চায় চললে অন্ন-বস্ত্রের সংস্থান হয়।

প্রবাদ ২২

বাঁশ মরে ফুলে,
মানুষ মরে বুলে।

ভাবার্থ

বাঁশে ফুল ধরলে সে বাঁশ মরে যায়, আর মানুষ বেপরোয়া কথার জন্য বিপদে পড়ে।

প্রবাদ ২৩

মিডা কথায় ছিড়া ভিজেনা।

ভাবার্থ

কাজ করতে হলে খরচ করতে হয়, কেবল মিষ্টি কথায় কাজ হয় না।

প্রবাদ ২৪

যারে দেখতে নারি, তার চলন বেহা।

ভাবার্থ

যার উপর বিরক্ত থাকে, তার সামান্য ত্রুটির প্রতিও লক্ষ্য রাখা হয়।

প্রবাদ ২৫

যে মাছটা ছুইট্যা যায়, হেইডাই বড় থাহে।

ভাবার্থ

কোনো জিনিস আয়ত্বের বাইরে চলে গেলে সেটাকে বেশি দরকারি মনে করা হয়।

প্রবাদ ২৬

দুই টেহার পুটকি, চাইর টেহার লুডা।

ভাবার্থ

আয়ের চেয়ে ব্যয় বেশি অথবা সক্ষমতার চেয়ে লোক দেখানো মনোভাব বেশি।

প্রবাদ ২৭

বাপ দাদার নাম নাই, চাঁন মোল্লা বেওয়াই।

ভাবার্থ

যার নিজের কোনো কিছুই নেই, অথচ বড় কিছু ভাবা শুরু করে।

প্রবাদ ২৮

কাউয়্যার বাসায় কুলিরচাও,
জাত বিদ্যায় করে রাও।

ভাবার্থ

যে যেখানেই অবস্থান করুক না কেন, জাতীয় স্বভাব তার পরিবর্তন হয় না।

প্রবাদ ২৯

মানিকে মানিক চিনে,
শুয়রে চিনে কচু।

ভাবার্থ

যার যা প্রয়োজন, সে সেটাই খোঁজে।

প্রবাদ ৩০

জাত কান্দে জাতের লাগি,
কুত্তায় কান্দে ভাতের লাগি।

ভাবার্থ

যার যা প্রয়োজন সে বিষয়েই আকুতি জানায়।

প্রবাদ ৩১

আমিও ফকির অইলাম, গাঁও আহাল অইল।

ভাবার্থ

নিজে সম্বলহীন থাকায় অন্যকে ধার না দেওয়ার জন্য অভাবের বান ডাকা।

প্রবাদ ৩২

আক্কলে খায়া মাডি,
বাপে পুতে কামলা খাডি।

ভাবার্থ

নিজের নির্বুদ্ধিতায় কষ্টভোগ করা।

প্রবাদ ৩৩

ঝি বাচলে জামাই,
খাইয়া লইয়া কামাই।

ভাবার্থ

মেয়ে বেঁচে না থাকলে জামাই কোনো আত্মীয়ই নয়।

প্রবাদ ৩৪

কম পানির মাছ বেশী হানিত পড়লে,
গাপোস গোপস করে।

ভাবার্থ

অযোগ্য মানুষের যোগ্য কাজের অপচেষ্টা।

প্রবাদ ৩৫

হুদ্দর হওরী সালাম পাইনা,
মায়ই হওরী উহি জুহি বায়।

ভাবার্থ

অবাঞ্চিত, অবাস্তব প্রত্যাশা করা।

প্রবাদ ৩৬

যার আছে ধান,
তার কথা বড় টান।

ভাবার্থ

যার সম্পদ আছে তার কথা সবাই শুনে।

প্রবাদ ৩৭

মুখের দোষে মার গলে,
হেই মার পথে পথে পরে।

ভাবার্থ

মানুষের মুখের দোষেই বদনাম বাইরে ছড়ায়।

প্রবাদ ৩৮

এমনেই করে চুরি,
আরো করে সিনাজুরি।

ভাবার্থ

চুরি করে আবারো বড়ত্ব প্রকাশ করা।

প্রবাদ ৩৯

আইগ্‌গা পানি লইনা, মুইত্তা গলা পানি।

ভাবার্থ

প্রয়োজনীয় কাজের চেয়ে অপ্রয়োজনীয় কাজে বেশি প্রাধান্য দেওয়া।

প্রবাদ ৪০

চুডের বেডা মাইরে টস।

ভাবার্থ

যে বেশি কথা বলে, সে কাজ করে কম।

প্রবাদ ৪১

ঘর লেইপ্পা দয়ারো পেক।

ভাবার্থ

শেষে মন্দ।

প্রবাদ ৪২

বেয়ারদিন লাউ গুডা লাগানো।

ভাবার্থ

যে সময়ে যে কাজ করা উচিত নয়।

প্রবাদ ৪৩

কাশে পাদ ঘুরে না।

ভাবার্থ

সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না।

প্রবাদ ৪৪

কর্তায় কইছে চুদির ভাই,
আনন্দের আর সীমা নাই।

ভাবার্থ

সম্পদশালী ব্যক্তি গরীব ব্যক্তিকে গালমন্দ করলেও সে অপমানবোধ করে না।

প্রবাদ ৪৫

অইবো পুতে ডাকবো বাপ,
পরে যাইবো মনের বাপ।

ভাবার্থ

যা নেই তা হবে, সে আশায় থাকা।

প্রবাদ ৪৬

যার রান্দা খাইছি না সে বড় রান্দুনি,
যারে কোন দিন দেখছি না সে বড় সুন্দরী।

ভাবার্থ

অদেখা বস্তু দেখার প্রতি আগ্রহ বেশি।

প্রবাদ ৪৭

চোরে চোরে আলি,
এক চোরে বেয়া করে আর এক চোরের হালী।

ভাবার্থ

যার সঙ্গে যার মনের মিল।

প্রবাদ ৪৮

বউ পালনের মুরাদ নাই,
কিলানির গোসাই।

ভাবার্থ

সম্পদহীন রাগী মানুষ।

প্রবাদ ৪৯

যার দফাডে মাডি ফাডে,
তার পুটকি বিলাইয়ে চাডে।

ভাবার্থ

ক্ষমতাবান মানুষের ক্ষমতাশূন্য হওয়া।

প্রবাদ ৫০

মড়লের বাড়িত থাহি, মরছে মড়লের মা,
লগে লগে না কান্দলে, জাগা দিতো না।

ভাবার্থ

তোষামোদ করে নিজের স্বার্থ আদায় করা।

প্রবাদ ৫১

আসল ঘরের চাল নাই,
রান্ধাঘরে চান্দুয়া।

ভাবার্থ

মূল বিষয়ের চেয়ে উপবিষয়কে প্রাধান্য দেওয়া।

প্রবাদ ৫২

দারগায় ডাকছে চাচি,
আমিকি আর ভবে আছি।

ভাবার্থ

ক্ষমতাবান মানুষের সঙ্গে নিজেকে সম্পর্কিত করে অহংকারী ভাবা।

প্রবাদ ৫৩

আত্তির লেদা দেইখ্যা খাডাশের কুঁথানি।

ভাবার্থ

অন্যের কাজ দেখে নিজে খবর হওয়া।

প্রবাদ ৫৪

কামলার বৌয়ের ভাঙ্গা ঘর,
বৈদ্যের বৌয়ের নিত্য জ্বর।

ভাবার্থ

নিজের দায়িত্বের প্রতি অবহেলা।

প্রবাদ ৫৫

জয় কালে ক্ষয় নাই,
মরবার কালে অষুধ নাই।

ভাবার্থ

স্বাভাবিক বৃদ্ধি ও পতন কেউ রোধ করে রাখতে পারে না।

প্রবাদ ৫৬

জাগিয়া যে ঘুমায়,
তারে জাগান দায়।

ভাবার্থ

ইচ্ছাকৃত অবচেতন মানুষকে সচেতন করা যায় না।

প্রবাদ ৫৭

পথে পাইলাম কামার,
দা গড়াইয়া দে আমার।

ভাবার্থ

কোনো কাজের লোক দেখলেই কাজের কথা মনে পড়ে।

প্রবাদ ৫৮

মানুষ মরে দোআশায়,
গরু মরে দোঘাসায়।

ভাবার্থ

লক্ষ্য এক জায়গায় স্থির করতে হয়, তা না হলে সফলতা আসে না।

প্রবাদ ৫৯

আক্কল যায় না মইলে,
স্বভাব যায় না ধুইলে।

ভাবার্থ

স্বভাব পরিবর্তন হয় না।

প্রবাদ ৬০

আদরের ভাত লবন দেয়াও ভালা।

ভাবার্থ

সম্মানজনক জায়গায় কম মুনাফাতেও কাজ করা ভালো।

✓ কপি হয়েছে!
তথ্যসূত্র -
হাসান ইকবাল রচিত “নেত্রকোণার প্রবাদ-প্রবচন ও লোকছড়া” গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেত্রকোণার প্রবাদ-প্রবচন ও লোকছড়া সম্পর্কে বিস্তারিত জানতে এই বইটি সহায়ক হতে পারে।






নবীনতর পূর্বতন